২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অফিস ঘেরাও করে সিভিল সার্জনের অপসারণ দাবি

শিক্ষার্থীরা তদন্ত কমিটি করতে তিন ঘণ্টা সময় দিয়ে কার্যালয় ত্যাগ করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 09:02 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

ফরিদপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে তার অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কর্মসূচির সময় সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। 

এ সময় তারা সিভিল সার্জন, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গনেশ আগারওয়ালা ও অফিসের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

এ ছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের মনগড়া তালিকা করে সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। 

তারা বলেন, আহতদের তালিকায় সিভিল সার্জন নিজের ছেলের নাম দিয়েছেন। অথচ যারা আহত হয়েছে এমন ২০-২৫ জনের নাম তালিকায় দেওয়া হয়নি। 

শিক্ষার্থীরা বলেন, এ ছাড়া তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের ঠিকানাও দেওয়া হয়নি। সিভিল সার্জন তার মত করে তালিকা পাঠিয়েছেন, যাতে করে আর্থিক সহযোগিতা এলে তিনি আত্মসাত করতে পারেন।

শিক্ষার্থীরা তদন্ত কমিটি করতে তিন ঘণ্টা সময় দিয়ে কার্যালয় ত্যাগ করেন।

এ ব্যাপারে ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা টিপু বলেন, “শিক্ষার্থীরা আল্টিমেটাম দেওয়ার পর সিভিল সার্জন আমার কাছে দায়িত্ব হস্তান্তর করে ছুটিতে গেছেন। ঢাকায় উনার একটি প্রশিক্ষণ আছে। সেখানে অংশ নেবেন।”

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, আবরার নাদিম ইতু, আশিকুর রহমান, মো. সোহেল, আনিসুর রহমান সজল।