১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হেভিওয়েট’ বলতে কিছু নেই, সবই সমান: ইসি আনিছুর

“কোনো একটি রাজনৈতিক দল অসহযোগের ঘোষণা দিলেও তার মিনিং আপনি একরকম করবেন, আমি একরকম করব।”

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 05:34 PM

Updated : 20 Dec 2023, 05:34 PM

‘হেভিওয়েট’ প্রার্থী বলতে নির্বাচন কমিশনের কাছে কিছু নেই; সব প্রার্থী আমাদের কাছে সমান বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, “যারা আচরণবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে।”

বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, “আজও কুমিল্লাতে আপনাদের (একাত্তর টিভির প্রতিনিধির উপর হামলা) একটি ঘটনা ঘটেছে। পুলিশকে বলা হয়েছে, আইনের মধ্যে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সবটুকু করার জন্য।”

তিনি আরও বলেন, “কোনো একটি রাজনৈতিক দল অসহযোগের ঘোষণা দিলেও তার মিনিং আপনি একরকম করবেন, আমি একরকম করব। আমরা সুষ্ঠু নির্বাচন করতে সর্বাত্মক চেষ্টা করে যাব।”

“যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের কোনো ধরনের চাপ নেই। আগামী এক সপ্তাহের মধ্যে দেখবেন অনেক জায়গায় অনেক কিছু ঘটে গেছে। এটুকুই আমি বলব, এর বেশি কিছু বলছি না।”

এই নির্বাচন কমিশনার দাবি করেন, “দেশে এই প্রথম বেশি সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। বিদেশিরাও তাকিয়ে আছে- বাংলাদেশে কেমন নির্বাচন হয় তারা সেটা দেখবে।

“তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নিরপেক্ষ একটি ভোটের আয়োজন করা। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য কমিশন সবার সহযোগিতা চেয়েছে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, “এ বছর নির্বাচনের আগের দিন কেন্দ্রে ব্যালট পেপার যাবে না। ভোটের দিন সকালে যাবে। যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেওয়া হবে। কিন্তু সেটিরও সুরক্ষা নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে আপনারা যেটি ভাবছেন সেটা এবার হচ্ছে না।”

এ সময় মতবিনিময় সভা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।