Published : 31 Dec 2024, 07:24 PM
ব্রাহ্মণবাড়িয়া সদরে বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও ধানের গোলায় অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন।
আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড কোম্পানির বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির করার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও ধানের গোলায় অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, একটি বিস্কুট কোম্পানির পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ছাড়া ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।