২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফিরতে দেরি দেখে তার ছেলে-মেয়ে ঘর থেকে বাইরে বের হয়ে মায়ের লাশ দেখে চিৎকার দেয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 08:09 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে; যিনি রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘর থেকে বের হয়ে ছিলেন। 

মঙ্গলবার রাতে উপজেলার মধ্যপাড়ার উত্তর মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সিরাজদিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান। 

নিহত লিপি আক্তার (৩৫) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে। লিপি দুটি সন্তানের জননী। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে থাকা শৌচাগারে যান লিপি। তার ফিরতে দেরি দেখে সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

সিরাজদিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, গৃহবধূ হত্যার কারণ উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। 

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।