যশোরে যুবলীগ নেতাকে খুনের ২২ বছর পর ছোট ভাইকেও হত্যা
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন আশা হত্যা মামলার আসামিরা এই খুন করেছেন বলে পরিবারের দাবি।
যশোরের চৌগাছা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২২ বছর আগে ওই যুবকের বড় ভাই যুবলীগ নেতাকেও হত্যা করা হয়েছিল।
মঙ্গলবার রাতে আনিসুর রহমান নামে ওই ব্যক্তিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান চৌগাছা থানার এসআই মেহেদি হাসান।
আনিসুর (৫৫) উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
২০০২ সালের ২৪ জুলাই আনিসুরের বড় ভাই উপজেলার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন আশাও প্রতিপক্ষের হামলায় খুন হন।
আনিসুর রহমানের ছোট ভাই আশিকুর রহমান বলেন, “মঙ্গলবার রাত ৮টার দিকে আনিসুর ও ফুফাতো ভাই আব্দুস সালাম জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করেন। পরে আনিসুর বাড়ির উদ্দেশে দোকান থেকে বের হন। এ সময় সন্ত্রাসীরা এসে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে আব্দুস সালামও জখম হন। সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আশিকুর রহমান দাবি করেন, “বড় ভাই আশরাফ হোসেন আশা চেয়ারম্যান হত্যা মামলার আসামি বিএনপি সমর্থক লেন্টু, হাদি, আমিন ও কোরবানের নেতৃত্বে ১০-১২ জন এই হামলা চালায়।”
গুরুতর অবস্থায় স্থানীয়রা আনিসুর রহমান ও আব্দুস সালামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা খারাপ হওয়ায় আনিসুরকে রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোর ৪টার দিকে তিনি মারা যান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ বলেন, “নিহত আনিসুরের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
চৌগাছা থানার এসআই মেহেদি হাসান বলেন, “পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।”
