৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, আটক ১

জাজিরায় ঝটিকা মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 08:45 PM

Updated : 30 Sep 2026, 08:45 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

খবর পেয়ে মিছিল চলাকালেই আল-আমিন ঢালী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জাজিরা থানার ওসি মো. সালেহ আহাম্মদ জানান।

এই ঝটিকা মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি ছিল।

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগের একাধিক মামলা রয়েছে। নতুন করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।