৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

“তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান।

তৃষা বিশ্বাস নামে ২২ বছর বয়সী ওই নারী কনস্টেবল মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল বলেন, “তৃষা ২০২৩ সালের ৯ নভেম্বর চাকরিতে যোগ দেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আমরা তার একটি প্রেসক্রিপশন পেয়েছি।

“সেখানে উল্লেখ আছে, তৃষা গত বছরের ২৩ অক্টোবর ঢাকায় একজন মানসিক ডাক্তার দেখিয়েছিলেন। তখন তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলা হয়েছিল।”

তৃষার রুমের সহকর্মীদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কয়েকদিন আগেও ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

“তৃষার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছলে সব আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

তৃষার দাদু (মায়ের মামা) কালী দাস সোমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই ভাই বোনের মধ্যে তৃষা বড়। কয়েক দিন ধরে সে জ্বরে ভুগছিল।

এর আগে তৃষার কোনো অসুস্থতা ছিল না বলে তার দাদুর ভাষ্য।

কালী দাস বলেন, “সকালে ভিডিও কল করে বাড়িতে মায়ের সঙ্গে কথা বলছে তৃষা। এরপরই পটুয়াখালী থেকে খবর দেওয়া হয়, তৃষা আত্মহত্যা করেছে। আমরা পটুয়াখালী যাচ্ছি।”