লক্ষ্মীপুরে ‘টাকার ছড়াছড়ি’, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন লক্ষ্মীপুরে ভোট কিনতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর-৩ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। এ নিয়ে দুপক্ষ রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন।
তবে বুধবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
এদিন দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। তার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।
এ ছাড়া ১১ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রশিক্ষণ না দিয়েই দায়িত্বে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রেজাউল করিম।
তিনি বলেন, “লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা জহির কাউন্সিলর এবং যুবদল নেতা তানজিদ মজিদের বিরুদ্ধে টাকা দিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিএনপির লোকজন বিভিন্ন স্থানে আমাদের মা-বোনদেরকে হুমকি ধমকিও দিচ্ছেন।”
এর আগে সকালে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রধান নির্বাচনি সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জামায়াতের বিরুদ্ধে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে টাকাসহ ঘর নির্মাণ করে দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছেন।
হ্যাপি চৌধুরী বলেন, “লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রাতের অন্ধকারে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন। পরে এ ধরনের কাজ করবে না বলে তাকে ছেড়ে দেয় লোকজন।
“এ ছাড়া জামায়াতের প্রার্থী রেজাউল করিম নিজেই একাধিক স্থানে ভোটারদের নগদ টাকা দিয়ে ভোট চেয়েছেন। ঘর নির্মাণসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করেছেন। এর মধ্যে ঘটনাটির প্রমাণও পাওয়া গেছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক চারজন ইউপি সদস্য বলেন, সকাল থেকেই বিএনপি ও জামায়াতের লোকজন ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। পাল্লা দিয়ে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পুরো জেলাতেই ভোট কিনতে টাকার ছড়াছড়ি হচ্ছে।
লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “টাকা বিতরণ নিয়ে কেউই আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এরপরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
