২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনের ‘সন্তান’, আজীবনের অপেক্ষা-শূন্যতা

প্রতিশ্রুতি মত একটি সন্তান তুলে দেওয়া হলো শাহজাহানের হাতে। অপর সন্তান হাসপাতালে থেকে যায় জয়নালের কাছে।

বিডিনিউজ২৪

সৌরভ দেব, কক্সবাজার প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

অনেক দিনের দাম্পত্য জীবনেও শাহজাহান আর মোস্তফা বেগম নিঃসন্তান। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা বাজারের তরকারি বিক্রি করে কোনোমতে সংসার চলে তাদের। কিন্তু সন্তানহীনতার বেদনা তাদের কাটেনি কখনও।

ব্যবসায়িক কাজে চকোরিয়ার তরকারি আড়তদার জয়নাল আবেদীনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে শাহজাহানের। দুই পরিবারের মধ্যে সম্পর্ক হয়। সেই সম্পর্কেই একদিন দুঃখ ঝরানো কণ্ঠে শাহজাহান বলেছিলেন, “আমার ঘর আলোহীন, কোনো সন্তান নেই।” 

জয়নাল কথাটি মনে রেখেছিলেন। কিছু দিন পর জয়নালের স্ত্রী পারভীন আক্তার গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে জানা গেল গর্ভে জমজ সন্তান। খবরটি জেনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন জয়নাল ও পারভীন। মুহূর্তেই সিদ্ধান্ত নেন, নিঃসন্তান বন্ধু শাহজাহানের ঘরে ‘আলোর ছোঁয়া’ দেবেন তারা।

একটি সন্তান থাকবে তাদের কাছে, আরেকটি সন্তান যাবে শাহজাহানের ঘরে। এভাবেই তৈরি হয় অদ্ভূত কিন্তু মানবিক এক প্রতিশ্রুতি।

৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় জমজ শিশু। গর্ভাবস্থার সাত মাস থেকেই পারভীনের দেখাশোনায় ছিলেন শাহজাহান ও মোস্তফা বেগম। সন্তান জন্মের দিনও হাসপাতালে ছায়ার মতো দাঁড়িয়ে ছিলেন তারা।

অস্ত্রোপচারের সব খরচ জোগাড় করতে নিজের ক্ষুদ্র ব্যবসার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছিলেন শাহজাহান। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, যেন নিজের সন্তানই আসছে পৃথিবীতে। টাকা-পয়সা কিছুই মনে হয়নি তখন। শুধু চাইছিলাম, আল্লাহ যেন আমাদের ঘরে আলো দেন।”

প্রতিশ্রুতি মত একটি ছেলে সন্তান তুলে দেওয়া হলো শাহজাহানের হাতে। তিনি সন্তান নিয়ে বাড়ি চলে আসেন। অপর ছেলে সন্তান হাসপাতালে থেকে যায় বাবা-মায়ের কাছে।

‘সন্তানকে’ প্রথমবার বুকে জড়ানোর অনুভূতির বিষয়ে বলতে গিয়ে মোস্তফা বেগম বলছিলেন, “মনে হয়েছিল, আল্লাহ আমাকে পৃথিবীর সব সুখ একসঙ্গে দিয়ে দিলেন। বুকের ভেতরটা আলোয় ভরে গিয়েছিল। এতদিনের অপূর্ণতা মুহূর্তেই মুছে গিয়েছিল।”

কিন্তু সেই ‘সুখের আলো’ টিকল মাত্র এক দিন। হাসপাতালে থাকা অপর জমজ শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক জানান, দুই ভাইকে এক সঙ্গে না পেলে অসুস্থ শিশুটি বাঁচানো সম্ভব হবে না।

সন্তান ফেরত চাইতে ধলঘাটায় ছুটে আসেন জয়নাল। কান্নাজড়িত কণ্ঠে শাহজাহানের দরজায় দাঁড়িয়ে অনুনয় করেন, “ভাই, আমার সন্তানটা ফেরত দেন। অন্যটাকে বাঁচাতে হবে। আমি কথা দিচ্ছি, আপনাদের কষ্ট বুঝি। কিন্তু যদি ফেরত না দেন, হয়তো আমার আরেক সন্তান বাঁচবে না।”

কিন্তু যারা জীবনে প্রথমবারের মতো ‘সন্তানকে’ বুকে জড়িয়েছেন, ‘সন্তান’ পেয়ে জীবনের সব দুঃখ ভুলে গেছেন- তাদের পক্ষে ‘সন্তানকে’ বুকছাড়া করা কি এত সহজ? শাহজাহান-মোস্তফা বেগম দম্পতি তাতে রাজি হননি।

সালিশ আর বিদায়ের মুহূর্ত

সব বিষয় শুনে শেষমেশ স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল এগিয়ে আসেন। তার হস্তক্ষেপে সালিশ বৈঠক বসে। সবার চাপ, চিকিৎসকের পরামর্শ আর অসহায় জয়নালের আকুতির মুখে অবশেষে ‘সন্তান’ ফেরত দিতে রাজি হন শাহজাহান।

বৈঠকে উপস্থিত সবাই যখন পরিস্থিতি ব্যাখ্যা করেন, তখন নীরব হয়ে পড়েন শাহজাহান। অশ্রুসিক্ত চোখে বলেন, “এই সন্তানকে ফেরত দেওয়া মানে আমার বুক থেকে প্রাণ উপড়ে নেওয়া। কিন্তু আমি যদি ধরে রাখি, আরেকটা শিশু মারা যাবে, এই বোঝা আমি বয়ে নিতে পারব না।”

অবশেষে চোখের পানি মুছতে মুছতে শিশুটিকে তুলে দেন জয়নালের হাতে। বদলে জয়নাল ৫০ হাজার টাকা শাহজাহানকে কৃতজ্ঞতাস্বরূপ দেন। 

সেদিন চোখে জল নিয়ে ‘সন্তানের’ গায়ে শেষবারের মতো হাত বুলিয়েছিলেন মোস্তফা বেগম। তিনি বলেন, “ওকে বুকে নিয়ে আমি পৃথিবীর সব সুখ পেয়েছিলাম। তাকে ফেরত দেওয়ার সময় মনে হল, বুকটা ফাঁকা হয়ে গেল। এই দুঃখ আমি কোনোদিন ভুলতে পারব না। মা না হয়েও আমি সারাজীবন তার অপেক্ষায় থাকব। হয়তো কোনোদিন সে আবার আসবে।”

স্থানীয় চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল বলেন, “এটি খুবই হৃদয়বিদারক ঘটনা ছিল। খবর পেয়ে দ্রুত সালিশ ডাকতে হয়েছিল। শাহজাহান শুরুতে শিশুটি ফেরত দিতে চায়নি, কিন্তু চিকিৎসকের কথা শুনে ওরা অবশেষে বাধ্য হয়। জয়নালও খুশি মনে ৫০ হাজার টাকা দিয়েছে কৃতজ্ঞতা হিসেবে। পরে খবর নিয়েছি, দুই শিশুই এখন সুস্থ।”

এখন জমজ দুই শিশু সুস্থ আছে। কিন্তু এই ঘটনার ছাপ রয়ে গেছে দুই পরিবারের জীবনেই।

জয়নাল বলেন, “আমি জানতাম, শাহজাহান ভাইয়ের বুকের ভেতরে আগুন জ্বলছে। কিন্তু আরেক সন্তানের জীবন বাঁচাতে তারা যে ত্যাগ করেছেন, সেটি আমার কাছে আজীবন ঋণ হয়ে থাকবে।”

তিনি প্রতিশ্রুতি দেন, “আমার দুই সন্তান এখন আল্লাহর রহমতে ভালো আছে। তারা বড় হলে আমি শেখাব শাহজাহানকে বাবা আর মোস্তফাকে মা বলে ডাকতে। আমি সেভাবেই ওদের বড় করব।”

মাত্র একদিনের জন্য হলেও ‘সন্তানকে’ বুকে পাওয়ার যে অনুভূতি, তা কোনো অশ্রু কিংবা কোনো অর্থ দিয়ে মাপা যায় না। শাহজাহানের সংসার আবার অন্ধকারেই রয়ে গেল। তবে সেই এক দিনের আলোই হয়তো আজীবন তাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।