Published : 21 Jun 2026, 06:19 PM
বয়স্ক নারীদের কাছ থেকে অলংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
রোববার বিকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক নারীদের টার্গেট করে একটি চক্র প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা বিশেষ ধরনের একটি রাসায়নিক ব্যবহার করে নারীদের কাছ থেকে অলংকার ও টাকা-পয়সা নিয়ে যেত বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, এ ঘটনায় নওগাঁ সদর থানায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্তে ডিবি পুলিশ কয়েকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চক্রটির কয়েকজন সদস্য টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একই ধরনের অপরাধের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
পুলিশ সুপার বলেন, প্রথমে একজন সাহায্যের কথা বলে বয়স্ক নারীদের কাছে যেত। পরে অন্যরা এসে কথাবার্তার একপর্যায়ে রাসায়নিক ব্যবহার করত। এরপর তাদের কথামতো সম্মোহিত হয়ে বয়স্ক নারীরা কাছে থাকা অলংকার ও টাকা-পয়সা দিয়ে দিতেন।
তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।