২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যাত্রীর ঢল, বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

“রাত ৮টা থেকে গাড়ির চাপ কিছুটা কমলেও শুক্রবার ভোর থেকেই এ চাপ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।”

গাজীপুরে যাত্রীর ঢল, বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ
বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

গাজীপুরে ধাপে ধাপে কারখানার ছুটির প্রথম দিন দূরপাল্লার যানবাহনের কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় জমতে শুরু করেছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ। 

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গাজীপুরের মহাসড়কে পরিবহনের সংখ্যা বেড়েছে।

কাউন্টারগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। যদিও পরিবহন মালিকরা তা অস্বীকার করেছেন। তবে বাড়ি ফেরার আনন্দে অতিরিক্ত ভাড়া মেনে নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন তারা।

এদিন সকাল থেকে যাত্রীদের চাপ শুরু হয়। তবে দুপুরের পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাববাহনের সংখ্যা আরো বেড়ে যায়। এই দুই মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চান্দনা চৌরাস্তা ও চন্দ্রায় যাত্রী ও পরিবহনের ভিড় দেখা যায়।

বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে।

শিল্প অধ্যুষিত গাজীপুরে দুই হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি তৈরি পোশাক কারখানা। এসব কারখানায় লাখ লাখ কর্মী কাজ করেন। 

পরিবহন মালিক ও শিল্প-কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানা ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছে। কিছু কারখানা শুক্রবার, বাকিগুলো শনিবার দুপুরের মধ্যে ছুটি হবে। বিকাল থেকে যাত্রীর যে চাপ বাড়তে শুরু করেছে; এটি শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার বলেন, “বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকামুখী এবং উত্তরবঙ্গমুখী গাড়ির প্রচুর চাপ ছিল। তবে গাড়ি কোথাও একেবারে থেমে থাকেনি। ধীরে ধীরে গন্তব্যে চলাচল করছে। 

“রাত ৮টা থেকে গাড়ির চাপ কিছুটা কমলেও শুক্রবার ভোর থেকেই এ চাপ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ বৃহস্পতিবার থেকেই অনেক কারখানা ছুটি হয়ে গেছে। ওসব কারখানার শ্রমিকদের কেউ কেউ বৃহস্পতিবার দুপুরের পর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। বাকিরা শুক্রবার ভোরে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে।”

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গিয়ে দেখা যায়, স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে ঘরমুখো মানুষের। চন্দ্রা থেকে সিরাজগঞ্জের ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা। নাদের পরিবহন ইঞ্জিন কাভারে রাজশাহী পর্যন্ত জনপ্রতি ভাড়া নিচ্ছে এক হাজার টাকা। সায়মা স্পেশালে রাজশাহীর জন্য ভাড়া নিচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা করে। একতা পরিবহন পাবনায় ভাড়া নিচ্ছে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা করে।

বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে গাজীপুর মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে।

ঢাকা এক্সপ্রেস পরিবহনের সহকারী মমিন বলেন, “ঈদে একটু বেশি ভাড়া নেবে, এটা মেনে নিতে হবে। ঈদের সময় যাত্রী বেশি থাকে, যানজট থাকে। সব মিলিয়ে গন্তব্যে যেতে স্বাভাবিক সময় থেকে ভাড়া তুলনামূলক বেশিই হয়। কারণ রাজধানী থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গে গেলেও ফিরে আসার সময় পরিবহনগুলো খালি ফিরে আসতে হয়। তাই ঈদের সময়ে যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নিয়ে থাকে।”

মোয়াজ্জেম হোসেন নামে এক কারখানা শ্রমিক বলেন, “দুপুরের পর আমাদের কারখানা ১০ দিন ছুটি দিয়েছে। চন্দ্রা থেকে বগুড়া সাধারণ সময় যেসব গাড়িতে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া, সেসব গাড়িতে আজ ৮০০ থেকে এক হাজার টাকা নিচ্ছে। কেউ প্রতিবাদ করে না, করলেও লাভ হয় না।”  

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান বলেন, “আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় পুলিশ সদস্যরা নিয়মিত কাজ করছেন। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও সহায়তা করছে। ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছেন পুলিশ সদস্যরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। যানবাহন যেন চলন্ত থাকে, রাস্তায় কোথাও থামা যাবে না। সামান্য থামলেই দীর্ঘ যানজট তৈরি হয়।” 

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫০০ পুলিশ কর্মকর্তা কাজ করছেন। পাশাপাশি সিটি করপোরেশন থেকে স্বেচ্ছাসেবক সরবরাহ করা হয়েছে।