২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তারেক রহমানের জনসভায় দুই লাখ মানুষের সমাগমের আশা

সমাবেশে নওগাঁর ছয়টি এবং জয়পুরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 10:16 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

প্রায় ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে বরণ করে নিতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নির্বাচনি জনসভা ঘিরে দুই লাখ মানুষের সমাগমের আশা করেছেন নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার বিকালে শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত এ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। চারদিকে সাজসাজ রব। শেষে সময় চলছে মাঠ প্রস্তুতির কাজ। দলীয় প্রধানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, বিকাল সাড়ে ৫টায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি আবুবক্কর সিদ্দিক নান্নু।

সমাবেশে তারেক রহমান নওগাঁর ছয়টি এবং জয়পুরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেবেন বলে জানান তিনি। 

“আশা করি, দেশের উন্নয়নে নওগাঁর ছয়টি আসনই তারেক রহমানের হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ”, বলেন তিনি।

জনসভা মঞ্চ প্রস্তুতে দুই দিন ধরে মাঠে সার্বক্ষণিক তদারকি করতে দেখা গেছে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, নুরে আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, মাসুদ হাসান তুহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের। 

বিএনপি নেতা বলেন, “নির্বাচনি সমাবেশে দুই লাখের বেশি মানুষ যোগদান করবে বলে আশা করছি। এ জন্য মূল সমাবেশ স্থলের পাশাপাশি নওজোয়ান মাঠ, কেডি স্কুল মাঠসহ তিনটি মাঠে প্রজেক্টরের মাধ্যমে সমাবেশ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে বুধবার বিকালে র‌্যাবের একটি দলকে সমাবেশ মঞ্চ প্রশিক্ষিত কুকুর দিয়ে চেক করতে দেখা গেছে। 

নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সমাবেশ স্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি থাকবে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিন শওকত বেশ কয়েকটি স্থান পরিদর্শন শেষে এটিম মাঠকে নিবাচনি জনসভার স্থান নির্ধারণ করেন।