বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু
এ ছাড়া এই সময়ে নতুন আক্রান্ত আরও ১৪১ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত এক শিশু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল শনিবার দুপুরে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে নতুন আক্রান্ত আরও ১৪১ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
মৃত এক বছর নয় মাস বয়সী শিশু ত্বোহা ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেলের ছেলে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের সবচেয়ে কম আক্রান্ত জেলা ঝালকাঠি। এ জেলায় চলতি বছর মাত্র ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন।
সবচেয়ে বেশি আক্রান্তের জেলা বরগুনা। এ জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই হাজার ৪৬০ জন।
বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে এখন পর্যন্ত চার হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৯৮০ জন সুস্থ হয়েছেন। ৪৫৪ জন এখনও চিকিৎসাধীন।
নতুন আক্রান্ত ১৪১ জনের মধ্যে বরগুনায় ৬৮, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭, পটুয়াখালীতে ২০, বরিশালে ১০, পিরোজপুরে নয়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও ভোলায় তিনজন ভর্তি হয়েছেন।
ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
