২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গরু বোঝাই নছিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

নছিমনে থাকা নয়টি মধ্যে একটি গরু গুরুতর আঘাত পেলে সেটিকে সেখানেই জবাই করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 06:03 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু বোঝাই নছিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উত্তর সুজাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার নওনা গ্রামের বাসিন্দা নছিমন চালক আমান উদ্দিন (৪৫) এবং একই উপজেলার পারোইল গ্রামের মেনহাজুল (৪০)। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।”

এদিকে, নছিমনে থাকা নয়টি মধ্যে একটি গরু গুরুতর আঘাতপ্রাপ্ত হলে সেটিকে সেখানেই জবাই করা হয়।