বগুড়ায় রাহিম হত্যা: সাবেক পৌর মেয়র গ্রেপ্তার
নিরাপরাধ কাউকে আসামি করা হলে মামলা খারিজ চাইবেন বাদী।
বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু রায়হান রাহিম নিহতের মামলায় সাবেক পৌর মেয়র বেলাল হোসেন প্রামানিক ধরা পড়েছেন।
র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা সোমবার ভোরে তাকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেছেন।
বিকালে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
গত ৪ অগাস্ট সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে। মিছিলটি বগুড়া আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এলে হামলা হয়। এ সময় আবু রায়হান রাহিম (২৯) গুলিবিদ্ধ হন।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অগাস্ট সকাল সাড়ে ৮টার দিকে মারা যান গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আবু রায়হান রাহিম। তিনি দুপচাঁচিয়ার চকসুখানগাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
ঘটনার ১৩ দিন পর ১৭ অগাস্ট রাতে নিহতের মা রওশন আরা বেগম দুপচাঁচিয়া থানায় মামলা করেন।
দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন প্রামাণিককে প্রধান করে ২২ জনের নাম উল্লেখসহ ৮২ জনকে আসামি করা হয়।
মামলার বাদী নিহতের মা রওশন আরা বেগম বলেন, রাত ২টার দিকে লোকজন তার বাড়িতে এসে কাগজে স্বাক্ষর নিয়েছেন। তিনি আসামিদের কাউকে চেনেন না।
তিনি আরো বলেন, “থানার সামনে আমার ছেলে মারা যায়। নিরাপরাধ মানুষ যেন এই মামলার আসামি না হয়। যদি নিরাপরাধ মানুষকে আসামি করা হয় তাহলে আমি এ মামলা খারিজ চাইব।”
ওই হত্যা ঘটনায় সে সময়ের ওসি বলেছিলেন, থানা আক্রমনের সময় অস্ত্র কেড়ে নিলে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়, তখন মারা যান আবু রায়হান।
