Published : 12 Dec 2025, 12:33 PM
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা তারাগঞ্জ থানার এসআই আবু সাইয়ুম তালুকদার জানিয়েছেন।
গ্রেপ্তার ২২ বছর বয়সী মোরছালিন পেশায় রাজমিস্ত্রীর সহকারী। তার বাড়িও আলিমপুর ইউনিয়নে।
এসআই আবু সাইয়ুম বলেন, “হত্যার দুই দিন আগে মোরছালিন নিহত যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। এরই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।”
এর আগে ৬ ডিসেম্বর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়।
পরদিন রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুর্বণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।
৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী সুবর্ণা রায়ের বয়স ৬০ বছর।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”
তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি এ পুলিশ কর্মকর্তা।
পুরনো খবর