০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা

শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুর্বণা রায়ের লাশ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 12:49 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, কুর্শা রাহিমাপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের তাদের বাড়ি থেকে রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। 

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তার বয়স ৭৫ বছর। তার স্ত্রী সুবর্ণা রায়ের বয়স ৬০ বছর।

ঘটনাস্থলে থাকা তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের আব্হ্বায়ক উপন চন্দ্র রায় বলেন, শনিবার গভীর রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। 

“যোগেশ চন্দ্র রায় ছিলেন এলাকার সম্মানিত শিক্ষক ও মুক্তিযোদ্ধা।”

রোববার ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুর্বণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।

প্রতিবেশীদের ভাষ্য, ওই বাড়িতে যোগেশ দম্পতি ছাড়া আর কেউ থাকতেন না। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ ছাড়াও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।