১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল: ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল: ইসি আনোয়ারুল
পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার-ইসি মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেছেন, “ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।”

শুক্রবার বেলা ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গণভোট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসে নাই। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়টি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন।”

পিআর প্রসঙ্গে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় আছি।”

নির্বাচনি প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “আপনারা জানেন নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত বিধিমালা সম্পন্ন করে ফেলেছি।”

তিনি বলেন, নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু করা হবে। এ ছাড়া যারা কয়েদি আসামি আছেন তারাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিচ্ছে কমিশন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনোয়ারুল ইসলাম বলেছেন, “ভোটার তালিকা হালনাগাদ শেষ পর্যায়ে। ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের আসন বিন্যাস, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালার কাজ শেষ করেছি। 

“সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী ছাড়াও পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপ শেষ করেছি। আশা করছি ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সি উপস্থিত ছিলেন।