হলে নয়, একাডেমিক ভবনে রাকসুর ভোটকেন্দ্র চায় গণতান্ত্রিক ছাত্র জোট
তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছে প্রগতিশীল বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে এক সংবাদ সম্মেলন তারা এ দাবি জানান।
একই সঙ্গে তারা সাতটি আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ এবং গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তদন্ত ও বিচার নিশ্চিত এবং সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন ও রাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে একটি নিরাপদ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একটি মহল নিজেদের আধিপত্য বিস্তারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলছে, অথচ প্রশাসন এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে।”
তিনি বলেন, “বিচারহীনতা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রতি নীরব প্রশ্রয়ের নামান্তর। রাকসু নির্বাচনকে ঘিরে যদি কোনো সহিংস ঘটনা ঘটে, তবে তার দায় প্রশাসনকেই নিতে হবে।”
এ সময় এক প্রশ্নের জবাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা চাই না, রাকসু শেষ মুহূর্তে বিতর্কিত হোক। কিন্তু অতীতে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সাধারণ শিক্ষার্থীরা রাকসুর সঙ্গে নিরাপদভাবে সম্পৃক্ত হতে পারবে না।”
এ সমম ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ ও ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
