Published : 31 Mar 2026, 11:42 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গাঁজা চাষ করায় জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।
জয়নাল রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকার আজগর আলী বেপারী বাড়ির মৃত ওজি উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রাখালিয়া বাজার মসজিদ এলাকায় একটি পুকুর পাড়ে সবজি গাছের সঙ্গে কয়েকটি গাঁজার গাছ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ১৮টি গাঁজা গাছ উদ্ধার করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাজারের সুইপার জয়নালকে আটক করা হয়।
একপর্যায়ে তার তথ্য অনুযায়ী, স্টোর রুম তল্লাশি করর ৫৫ পুড়িয়া গাঁজা (১০০ গ্রাম) ও সাদা পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ পাওয়া যায়।
জয়নালকে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যবহৃত মালামাল রাখার জন্য ছোট্ট একটি স্টোর রুম দেওয়া হয়েছে। স্টোর রুমের পাশে একটি পরিত্যক্ত জায়গায় বিভিন্ন প্রকার সবজি চাষের আড়ালে তিনি গাঁজার চারাগুলো রোপণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছেন, তিনি গাঁজার চারা রোপণের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।