২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল: আমির হামজা

কুষ্টিয়ায় বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

একাত্তরে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি বলে মন্তব্য করেছেন দলটির কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা। 

ধর্মীয় এই বক্তা বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা, এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার যে লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লিখা- এগুলোর ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা।

“সুতরাং জামায়াত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না; তারা ছিল ভারতের বিরুদ্ধে। আমরা এইটা এখন জানছি। এতদিন আমাদের এই সত্যটা জানতে দেওয়া হয়নি।” 

তিনি বলেন, “সুতরাং আজকের এই বিজয় র‌্যালি এই কারণেই যে, আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে; ভারতের যে আগ্রাসন, এর বিরুদ্ধে ছিলাম। এ কারণেই এরা আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। এবং আগামী বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে এ দেশকে স্বাধীনচেতা হিসেবে আমরা চলতে চাই। এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র‌্যালির।”

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা সবাইকে ‘পেছনের দিকে নয়, সামনের দিকে তাকানোর’ আহ্বান জানান। তিনি বলেন, “এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পেছনের ইতিহাস, আমার মনে হয়, পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ভুলে আমরা সামনে নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো, সবাই আমরা এক, বাংলাদেশি।”

বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক।