Published : 29 May 2026, 07:39 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচ খেত থেকে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান।
তিনি বলেন, রাহাত (১০) নামের শিশুটির দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রাহাত পাশের মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলা করছিল রাহাত। সেখানে স্কচটেপ মোড়ানো কৌটাকে খেলনা ভেবে কুড়িয়ে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।
ওসি সালেহ আহম্মেদ বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।