তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে ‘প্রতারণা’, ঢাকায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার শামীম রহমান নিজেকে ব্যারিস্টার বলেও পরিচয় দিতেন বলে জানিয়েছে বগুড়া পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড, স্বাক্ষর করা ১০টি ব্যাংকের ফাঁকা চেক, দুটি মোবাইল ফোন এবং বেশ কিছু সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরে মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
গ্রেপ্তার শামীম রহমান (৩৩) বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার প্রয়াত লাল মিয়ার ছেলে। মাধ্যমিক ফেইল শামীম নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে দাবি পুলিশের।
বুধবার রাতে প্রতারণার অভিযোগে শামীমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী হারুন-উর রশিদ।
মামলার বরাতে দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, “কিছুদিন আগে ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষীদের পরিচয় হয়।
“কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার শামীম রহমান নামে পরিচয় দিয়ে বলেন, ‘তিনি ঢাকায় থাকেন এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ আছে।’ তিনি দলের পদ-পদবি দিতে পারবেন বলে আশ্বাস দেন।”
তিনি বলেন, “পরে ২২ জুন বিকাল সাড়ে ৫টায় শামীম মোবাইল ফোনে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদাকে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে ডেকে নেন। সেখানে ইমরান হোসেনকে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে দুই লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার নাম করে গোলাম রব্বানীর কাছে থেকে এক লাখ টাকা দাবি করেন।
“আলাপচারিতার এক পর্যায়ে সাক্ষীরা তাকে ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তারা জানতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কোনো আত্মীয় নেই এবং ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছেন।”
শামীম কখনো নেতাকর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পদবি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন। শামীম দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপির প্রভাবশালী আত্মীয় পরিচয় দিয়ে আসছিলেন বলেও স্বীকার করেন।
বগুড়া সদর থানায় মামলায় শামীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
