Published : 09 Apr 2026, 04:01 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী।
দণ্ড পাওয়া নাসের ঠাকুর (৩০) উপজেলার গদাধরদী গ্রামের মো. কোহেল ঠাকুরের ছেলে।
মামলার বরাতে পিপি গোলাম রব্বানী বলেন, একই উপজেলার স্বপ্না বেগমের (২৫) সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতেন নাসের। দাবি করা অর্থ না পেয়ে প্রায় স্ত্রীকে মারধর করতেন নাসের। পারিবারিক কলহের এক পর্যায়ে তা চরম পরিণতির দিকে গড়ায়।
তিনি বলেন, ২০১৬ সালের ২১ মার্চ নাসের যৌতুকের জন্য স্বপ্নাকে আবার মারধর করেন। এক পর্যায়ে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় স্বপ্নার ভাই বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি গোলাম রব্বানী।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের এ রায় যৌতুক নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে।
আইনজীবীরা মনে করছেন, আদালতের এ রায় নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।