২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের বিচার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 11:53 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণে জড়িত অভিযোগে ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।  

শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে ৯টা টঙ্গীর মিলগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জনতা বিক্ষোভ করেন। 

এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত বাস, ট্রাক, কভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহন। 

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, ১২ জুলাই সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটিকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বিপ্লব নামের এক ব্যক্তি বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান।

পরিবারের অভিযোগ, ঘটনার পর এলাকাবাসী বিপ্লবকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে তাকে ও তার শিশুকন্যাকে গভীর রাত পর্যন্ত রাখা হয় এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। 

দীর্ঘ সময় পার হলেও মামলার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “একটি শিশুর সঙ্গে এমন ঘটনার পরও যদি মামলা নিতে দেরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।”

সড়ক অবরোধকারীরা দ্রুত আসামির গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন বলেন, “আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের কোনো গাফিলতি নেই। অভিযান অব্যাহত রয়েছে, যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”