১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে মোটরসাইকেল চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন

২০০৮ সালে ৩ মার্চ এমদাদুল ফরাজীর মোটরসাইকেল ভাড়া করেন হাচান হাওলাদার ও প্রিন্স মোল্লা।

পিরোজপুরে মোটরসাইকেল চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু। 

দণ্ডপ্রাপ্ত মো. হাচান হাওলাদার (৩৫) ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে এবং প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে ছেলে। 

তবে রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। 

নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র। 

মামলার এজাহারের বরাতে এপিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ২০০৮ সালে ৩ মার্চ সাফা বন্দর এলাকা থেকে এমদাদুল ফরাজীর মোটরসাইকেল ভাড়া করেন হাচান হাওলাদার ও প্রিন্স মোল্লা। 

পরে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুজন। এরপর ঘটনাস্থল থেকে এমদাদুল ফরাজীর লাশ উদ্ধার করে পুলিশ। 

পরদিন নিহত এমদাদুলের বাবা খান জাহান আলী আসামির নাম উল্লেখ করে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা করেন। 

একই বছরের ২৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

এপিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালতে ১৩ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন সাজার এই রায় দেন বিচারক। 

একইসঙ্গে উভয়ের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজা দেন আদালত।