ময়মনসিংহে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ‘মানসিক রোগী’ ছেলে আটক
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, ছেলেটি পুলিশ হেফাজতে আছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, বুধবার সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ওই ব্যক্তি বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত মজিবুর রহমান (৫৫) ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে ফারুক আহমেদ (৩০) পুলিশের হেফাজতে রয়েছে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, মজিবুর রহমান বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ফারুক হঠাৎ ধারালো দা দিয়ে বাবাকে কোপাতে শুরু করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, “ফারুক পুলিশ হেফাজতে আছেন। তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগছেন বলে পরিবার জানিয়েছে। চিকিৎসা নেওয়ার সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাগজ সংগ্রহ করা হয়েছে। তবে, তার প্রেসক্রিপসন পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
