২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দখলমুক্ত করা জায়গায় হকার বসিয়ে টাকা আদায়ের অভিযোগ ব্যবসায়ীদের

তোহা বাজার কাউকে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 12:31 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা জায়গায় হকার বসিয়ে টাকা আদায়ের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার দুপুরে তোহা বাজারের পাশে এক সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা এ ঘটনার জন্য সোনাইমুড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সামছুল আলমের বিরুদ্ধে অভিযোগ আনেন। 

সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টুটুল বলেন, “অগ্রণী ব্যাংক রোডের দুপাশে আমরা অর্ধশতাধিক ব্যবসায়ী নিজস্ব চান্দিনা ভিটা ও ভাড়াটিয়া হিসেবে নিয়ম মেনে দীর্ঘদিন ব্যবসা করে আসছি। সাপ্তাহিক বাজারের দিন শুক্রবার ও মঙ্গলবার সড়কের পাশে কিছু ভাসমান দোকান বসে বেচাকেনা করে চলে যেত।

“চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি পৌর প্রশাসক নাছরিন আকতারের নির্দেশে ব্যাংক রোড়ে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এরপর জুন মাসের মাঝামাঝি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সামছুল আলম ও ইজারাদার নামীয় কয়েকজন ব্যক্তি খালি করা জায়গা ভাগ করে সেখানে কিছু অস্থায়ী দোকান বসিয়ে দেন।” 

তিনি বলেন, “আমাদের দোকানের সামনে এভাবে দোকান বসানোর কারণে আমাদের মালামাল নিতে এবং বের করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ নিয়ে অস্থায়ী দোকানদারদের সঙ্গে আমাদের বিরোধ হচ্ছে।”

হেলাল উদ্দিন টুটুল বলেন, “আমরা এ বিষয়ে সোনাইমুড়ী পৌরসভার প্রশাসক নাছরিন আকতারের সঙ্গে যোগাযোগ করি। তিনি তখন জায়গাটি ইজারা দেওয়া হয়েছে বলে জানান। তবে, কাকে, কিভাবে ইজারা দেওয়া হয়েছে এ সংক্রান্ত কোনো তথ্য দেননি আমাদেরকে।”

প্রগতি ট্রেডার্সের মালিক মাঈন উদ্দিন বলেন, “তোহা বাজারে হাটের দিন গ্রামের কৃষক তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে চলে যান। এখন এখানে প্রশাসনের ছত্রছায়ায় কিছু চাঁদাবাজ দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে এবং তারা নিজেদেরকে ইজারাদার দাবি করে।”

ইজারার বিষয়ে পৌরসভার প্রশাসকের কাছে জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ফুটপাতে বসা অস্থায়ী এক দোকানদার বলেছেন, পৌরসভার লোকজন ডিবি রোড থেকে এনে তাদেরকে ফুটপাতে বসিয়েছে। এজন্য ইজারাদারকে তারা টাকা দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সামছুল আলম বলেন, “পৌরসভার প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ করা জায়গায় হকারদেরকে বসিয়েছি। পৌরসভার একমাত্র তোহা বাজার এবং ১ নম্বর খতিয়ানভুক্ত জায়গাটি ইজারা দেওয়া হয়েছে। ইজরাদার হকারদের কাছ থেকে টাকা আদায় করেন, পৌরসভার কেউ কোনো টাকা আদায় করেন না।”

তবে, তোহা বাজার কাউকে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার। তিনি বলেন, “সোনাইমুড়ী বাজারে আমরা যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম তখন অনেকে হকারদেরকে পুনর্বাসন করার কথা বলছিলেন। এজন্য আমরা তোহা বাজারের জায়গাটাতে হকারদেরকে বসিয়েছি। তবে, হকারদের কাছ থেকে পৌরসভা ও উপজেলার পক্ষ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না।”

স্যানিটারি ইন্সপেক্টর সামছুল আলমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে করা ব্যবসায়ীরা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পৌর প্রশাসক বলেন, “সোমবারও একটি শুনানি হয়েছে। বিষয়টি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে যা হয়, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।”