২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাল ভোটের চেষ্টা: শেরপুরে নকলায় আটক ২, আরেকজনকে জরিমানা

নকলা উপজেলার নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জাল ভোটের চেষ্টা: শেরপুরে নকলায় আটক ২, আরেকজনকে জরিমানা
শেরপুরের কায়দা বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রের সামনে ভোটারদের অপেক্ষা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 08:18 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

শেরপুরে নকলা উপজেলা পরিষদ নির্বাচনের জাল ভোট দেওয়ার চেষ্টায় ভুয়া এজেন্টসহ দুইজনকে আটক এবং আরেকজনকে জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার বেলা দেড়টার দিকে চন্দ্রকোনার রাজলক্ষী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে  দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিয়ামুল হাসান। 

আটকরা হলেন, চন্দ্রকোনা বাজার এলাকার মো. নিরব আলী ও শাহিন মিয়া।

প্রিজাইডিং অফিসার নিয়ামুল জানান, জাল ভোট দেওয়ার চেষ্টার সময় কেন্দ্রের ভেতর থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, আটকরা কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকশেদুল হক শিবলুর সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছে।

এদিকে, কায়দা বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টায় একজনকে আটকের পর জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সামারি ট্রায়াল কোর্টের বিচারক নূর ই জাহিদ।

তিনি জানান, জাল ভোট দেওয়ার চেষ্টায় জিয়ার আলী নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ভোটারের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

মঙ্গলবার সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে।