১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জয়পুরহাটের এ ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 06:10 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ওই নেতাকে দলীয় সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম এ ঘটনায় অভিযোগ দিয়েছেন বলে জানান আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা।

রায়কালী গ্রামের প্রায় চার শতক জমির ওপর বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। এরপর একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বাড়িটি দখলে নেন বলে অভিযোগ ওঠে।

তবে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান বাবু। তার দাবি, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন তাদের জমি দখল করে বাড়ি করেছিলেন। এখন তারা নিজেদের জায়গা ফেরত নিয়েছেন।

উপজেলা বিএনপির বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়ি ছাড়েননি।

এর পরিপ্রেক্ষিতে দলের ভাবমূর্তি রক্ষায় তাকে বিএনপির সব সদস্যপদ এবং রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

ওসি শাহীন রেজা বলেন, বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য এসআই বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআই বজলুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছেন। মিজানুর রহমান জায়গাটি তার দাদার বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে থানায় বসার কথা থাকলেও পরে তিনি আর আসেননি।