Published : 05 Jan 2026, 01:26 PM
নরসিংদীতে এক ‘মাদকাসক্ত’ ব্যক্তিকে তার ছোট দুই ভাই হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এ ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান।
নিহত ৩৬ বছর বয়সী রমজান আলী একই গ্রামের মুসা মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, রমজান আলী মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই বাড়ির লোকজন তাকে নেশা থেকে বের করে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এ নিয়ে রোববার রাতে দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে ঝগড়া বাধে রমজানের।
কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, তাদের সংসারে চার মেয়ে। ছোট মেয়ের বয়স মাত্র এক বছর।
স্বামী হত্যায় দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন তিনি।
ওসি কামাল হোসেন বলেন, “ভাইদের আঘাতে রমজান আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে।”