ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
তারা ভারতীয় চোরাচালানের পণ্য গ্রহণের জন্য কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা স্থানীয়দের।
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত এবং একজন আহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি।
উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় বৃহস্পতিবার গভীররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
নিহতরা হলেন- পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে মো. মিল্লাত হোসেন (২১) এবং একই গ্রামের গাছি মিয়ার ছেলে মো. লিটন (৩২)।
গুলিবিদ্ধ মো. আফছারও (৩১) একই গ্রামের এয়ার আহম্মদের ছেলে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি বলছে, মিল্লাত, লিটন ও আফছার পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩ এস অতিক্রম করে তারকাঁটা ডিঙিয়ে ভারতে ঢুকে পড়ে। পরে চোরাই মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারী তিন যুবক বিএসএফকে লক্ষ করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ছুঁড়ে মারে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে তিনজনই গুলিবিদ্ধ হয়।
একপর্যায়ে মিল্লাত ও আফছার বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লেও লিটন ভারতীয় সীমানায় পড়ে থাকে। পরে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিটনের মৃত্যু হয়।
এদিকে গুলিবিদ্ধ মিল্লাত ও আফছারকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাতের মৃত্যু হয়। আফসার একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, পরশুরাম উপজেলার গুথুমা সীমান্ত ভারতীয় ‘চোরাচালানের’ অন্যতম পথ। এ স্থান দিয়ে প্রতিনিয়ত মাদক ও ভারতীয় পণ্য দেশে প্রবেশ করে। ওই যুবকরা ভারতীয় চোরাচালানের পণ্য গ্রহণের জন্য কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,
“তিন যুবক চোরাকারবারীর মালামাল আনতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। ভারতের বিলোনিয়া হাসপাতালে থাকা নিহত লিটনের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
সীমান্তে গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে বলে জানান তিনি।
