২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিপাত, রাস্তাঘাটের সঙ্গে তলিয়েছে রেলপথও

গত ২৪ ঘণ্টায় গড়ে জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

রাতভর ভারি বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় গড়ে জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রাস্তাঘাটে সঙ্গে তলিয়েছে রেলপথও।

শহরের বিভিন্ন রাস্তা, পাড়া-মহল্লা ও সরকারি-বেসরকারি স্থাপনায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আদালত এলাকায় জেলা জর্জ এবং জেলা প্রশাসকের বাসভবনেও পানি ঢুকেছে। এ ছাড়া সার্কিট হাউজ এলাকায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। দিনভর দুর্ভোগ কেটেছে শহরবাসীর।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়; যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইয়াছিন আলী।

জেলার পরিবেশবাদী আন্দোলনের নেতা সত্তরউর্ধ্ব শফিকুল ইসলাম ভোতা বলেন, গত রাতের ভারি বৃষ্টি ছিল স্মরণ কালের স্মরণীয়। ১৯৬৮ সালে আট দিনব্যাপী এ ধরনের ভারি বর্ষণ হয়েছিল। সেই সময় ফুল, ফসল ও পাখির ব্যাপক ক্ষতি হয়েছিল। গত রাতের ভারি বর্ষণ সেই দুঃসময়ের কথা মনে করিয়ে দেয়।

পৌর এলাকার বড় ইন্দারার মিন্টু রহমান বলেন, আদালত বাগান ও জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকা জলমগ্ন হয়েছে। শহরে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে ভারি বৃষ্টিপাতে সদর উপজেলার হোসেন ডাং এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। সকালে নির্ধারিত সময়ের ট্রেন কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল হক বলেন, বৃষ্টির পানি নেমে গেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা ১৭ মিনিট পর সকাল ৮টা ১৭ মিনিট ছেয়ে গেছে।

সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের রানীনগর গ্রামের কাবিরুল ইসলাম বলেন, গত রাতের প্রবল বর্ষণে পানির স্রোতে দেবীনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ও আলাতুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাঝে ৩ থেকে ৪ মাস আগে নির্মাণ করা একটি কালভার্ট ধসে গেছে। এ ছাড়া বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।

একই ইউনিয়নের বালুগ্রাম এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, বৃষ্টির পানির তোড়ে পদ্মা নদীর ১৪ ও ১৫ নম্বর এলাকায় বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে তার এক বিঘা পেঁয়াজের জমি নদীতে বিলীন হয়েছে।

এ ছাড়া দেবীনগর ও আলাতুলি ইউনিয়নের মাঝে ঢাবের মাঠের এক হাজার বিঘা জমির শীতকালীন সবজি- পেঁয়াজ, টমেটো, মরিচ ডুবে গেছে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির শামীম বলেন, রাতে টানা চার ঘণ্টার ভারি বৃষ্টিপাতে বেশকিছু পুকুর ভেসে গেছে। শীতকালীন সবজি ও ফসলের মাঠ ডুবে গেছে।

উপজেলার লছমানপুরে ললবোনা বিলের পানি পাগলা নদীতে নামার মুখে একটি সেতুর পূর্ব দিকের একাংশ দেবে গেছে বলে জানান তিনি। 

গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু বলেন, ভারি বৃষ্টিতে ক্ষেতের ধান নুয়ে পড়েছে। এতে ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। তবে বিলের বন্যার পানি আগে নেমে যাওয়ায় ধান তলিয়ে সম্ভাবনা নেই।

ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা এলাকার মো. আমিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে ভোলাহাট এলাকার বেশ কিছু জলাশয় ভেসে গেছে। ডুবে গেছে সবজি ও ফসলের মাঠ। এতে মিষ্টি কুমড়া ও টমেটোর জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃষ্টির পানিতে জমির বড় ধান গাছ পড়ে গিয়ে ফসলের কিছুটা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাচোল উপজেলার রাওতারা এলাকার মনিরুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছিন আলী বলেন, ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ২৬০ মিলিমিটার, শিবগঞ্জে ১৭৫ মিলিমিটার, গোমস্তাপুরে ১৮০ মিলিমিটার, নাচোলে ১৭৫ মিলিমিটার এবং ভোলাহাট উপজেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে।

তিনি বলেন, বৃষ্টিতে ফসলের কি ধরনের ক্ষতি হয়েছে, তা এখনি বলা যাচ্ছে না। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।