কোরবানির পশু: এখনো ক্রেতা-পাইকারের ভিড় নেই রংপুরের হাটে
বিভাগের আট জেলার দেড় লক্ষাধিক খামারে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ২১ লাখ ৫২ হাজার ৩১৯টি পশু।
আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। পশু নিয়ে রংপুরের হাটগুলোয় আসতে শুরু করেছেন বিক্রেতারা। কিন্তু হাটে ভিড় নেই ক্রেতার। যারা আসছেন তারাও দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন, কিনছেন না।
পাশাপাশি বিভিন্ন জেলা থেকে রংপুরের হাটে কোরবানির পশু কিনতে আসা পাইকারদের উপস্থিতিও এবার কম।
সংশ্ষ্টিরা বলছেন, ইজারাদারের লোকজন বা দালালদের হাতে নানাভাবে হয়রানির শিকার হওয়ায় ক্রেতা-পাইকাররা এবার হাটবিমুখ হয়েছেন।
এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোরবানির ঈদে রংপুর বিভাগে পশুর চাহিদা রয়েছে ১৩ লাখ ১৮ হাজার ১১৭টি। তবে বিভাগের আট জেলার দেড় লক্ষাধিক খামারে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ২১ লাখ ৫২ হাজার ৩১৯টি পশু।
অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে আরও আট লাখের বেশি পশু। সেগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান পাইকাররা।
এছাড়া ক্রেতাদের মধ্যে বিভিন্ন খামার থেকে ওজন স্কেলের মাধ্যমে সরাসরি পশু কেনার প্রবণতাও বাড়ছে।
রংপুর জেলার পশুর হাটগুলোর মধ্যে অন্যতম গঙ্গাচড়ার বেতগাড়ি হাট। দুই কোটি ৭৭ লাখ টাকায় হাটটির ইজারা নিয়েছেন শহিদুল ইসলাম।
প্রথমবারের হাট ইজারা নেওয়া শহিদুল বলেন, মঙ্গলবার হাটে গরু উঠেছিল ৫ থেকে ৭ হাজার। কিন্তু ছোট (৬০ থেকে ৭০ হাজার টাকা), মাঝারি (৮০ থেকে ৯০ হাজার টাকা) ও বড় (এক থেকে দেড় লাখ টাকা) মিলে মোট ৭০০টি গরু বিক্রি হয়েছে।
ঈদ আসন্ন হলেও হাটে এখনো ক্রেতা কম জানিয়ে তিনি বলেন, বিগত সময়ের তথ্য বলছে ঈদের ১৫ থেকে ২০ দিন আগে প্রতি হাটে সহস্রাধিক গরু বিক্রি হয়েছে। আগে হাট থেকে দেশের বিভিন্ন স্থানে ৫০টির বেশি ট্রাক গরু পরিবহন করলেও মঙ্গলবার মাত্র দুটি ট্রাকে গরু গেছে।
তবে শেষ দিকে হাটে বেচা-কেনা জমে ওঠার আশা করে তিনি বলেন, রাখা-খাওয়ানোসহ ঝামেলা এড়াতে স্থানীয় ক্রেতারা সাধারণত ঈদের আগে-আগে হাটে গরু কেনেন। তাই আশা করি এবারেও শেষ পর্যন্ত ভালো বেচা-কেনা হবে।
এদিকে রংপুর নগরীর লালবাগ হাট বসে সপ্তাহে দু’দিন। বুধবার দুপুরে এ হাট ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় গরুর আমদানি কম, দামও বেশি চাওয়া হচ্ছে। হাতেগোনা কিছু পাইকারের দেখা মিললেও কেনা-বেচা তেমন নেই।
ভাটিবাড়ী থেকে তিনটা বড় ফ্রিজিয়ান ষাঁড় নিয়ে হাটে এসেছেন খামারি ও ব্যবসায়ী মিজানুর রহমান মিজান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আনা ষাঁড়গুলো ৮ থেকে ১০ মণ ওজনের; এগুলো এক লাখ ৫০ থেকে ৬০ হাজারে কিনেছি। কিন্তু হাটে এক লাখ ২০ থেকে এক লাখ ২৫ হাজার টাকা দাম বলছে ক্রেতারা। এই দামে বেচলে প্রতি গরুতে ৩০ থেকে ৪০ হাজার টাকা লস হবে।
“এছাড়া একটি গরুকে খাওয়াতে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। যদি বিক্রি না হয়, তাহলে তো আরও লোকসান হবে।”
পার্শ্ববর্তী নাজির দাহ এলাকার গরু বিক্রেতা তিতু মিয়া বলেন, তার গরু বাজারে দেড় লাখ টাকা হবে। কিন্তু এখন পর্যন্ত কেউ দামও করেনি।
ঢাকা থেকে গরু কিনতে আসা পাইকার ফয়েজ উদ্দিন ব্যাপারী ও জুনায়েদ আহম্মেদ বলেন, অন্যান্য বছরে কোরবানির ঈদের ১৫ থেকে ২০ দিন আগে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে রংপুরের হাটগুলো থেকে গরু কিনে নিয়ে যেতো। এবারে সেই সংখ্যা একেবারেই কম।
এর কারণ হিসেবে তারা বলেন, হাট ইজারাদারের লোকজন হাসিল বা খাজনার নামে জোর করে বেশি টাকা আদায়, দালালদের উৎপাত ছাড়াও পরিবহন খরচ আগের চেয়ে বেশি হওয়ায় পাইকাররা আগ্রহ হারিয়েছেন।
এছাড়া আগেভাগে কিনতে আসায় বিক্রেতারা এখনো গরুর দাম ছাড়তে রাজি হচ্ছেন না জানিয়ে পাইকার ও স্থানীয় ক্রেতারা বলছেন, গত বছর যে গরু ৬৫ থেকে ৭০ হাজার টাকায় কেনা যেত, এবারে সেই গরু কিনতে হচ্ছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়।
এক লাখ ১০ হাজার টাকায় একটি মাঝারি সাইজের দেশীয় ষাড় গরু কেনেন খলেয়া গঞ্জিপুর এলাকার আব্দুস সোবহান।
তিনি বলেন, ঈদ ঘনিয়ে এলে হাটের ভীড়ে গরু কেনা দুস্কর হয়ে পড়বে। তাই আগেভাগেই কিনলাম, যদিও গোখাদ্যের দামের অজুহাতে এবারে গরুর দামও কিছুটা বেশি।
রংপুর সিটি করপোরেশনের অধীনে থাকা এই হাটের ইজারার দায়িত্বে থাকা আব্দুল্লাহেল কাফি বলেন, বিগত বছরগুলোতে কোরবানি ঈদের ১৫ থেকে ২০ দিন আগে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রায় দেড় হাজার গরুর হাটে ২৫ লাখেরও বেশি গরু বিক্রি হতো। এই গরুর ৮০ ভাগ ক্রেতা ছিলেন উত্তরাঞ্চলের বাইরে থেকে আসা বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এলাকার গরু ব্যবসায়ী। ট্রাকে করে এগুলো নিয়ে যাওয়া হতো বাইরে।
কিন্তু এবার হাটে গরুর আমদানি ও ক্রেতা একেবারেই কম। সাধারণ মানুষের হাতে টাকা নেই। ক্রেতাদের খামারনির্ভরতাও বেড়েছে।
তবে সামনের হাট থেকে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটবে আশা রেখে তিনি বলেন, সাধারণত ঈদের ঠিক সপ্তাহখানেক আগে থেকে স্থানীয় পর্যায়ে গরু বিক্রি শুরু হয়। তাই পরের হাটে ক্রেতার সংখ্যা বাড়তে পারে।
ক্রেতাদের অনেকে হাটে দালালের উৎপাতেরও অভিযোগ করেছেন।
কৃষক আফছার উদ্দিস বলেন, “বহু কষ্টে উপার্জিত অর্থ দিয়ে একটি গরু কেনার জন্য হাটে এসেছি। কিন্তু দালালকে ডিঙ্গিয়ে হাটে গরু কেনার কোনো সুযোগ নেই। নিজেরা দরদাম করে গরু বের করলেও নানা কায়দায় দালালরা টাকা আদায় করেন।”
তবে হাট থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তার মোড়েও দেখা যায় হাটে ঢোকার আগেই দামাদামি করে গরু কিনছেন ক্রেতারা।
হাটের এক কিলোমিটার দক্ষিণে ধনতোলা সড়কে ৮০ হাজার টাকায় গরু কেনেন পাগলাপীর থেকে আসা ইব্রাহিম ও একরামুল। তারা বলেন, হয়তো দামে কিছুটা ঠকেছি। কিন্তু হাটে দালালের খপ্পরে পড়তে হয়নি।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরবানির ঈদে চাহিদা পূরণ করেও জেলায় উদ্বৃত্ত পশু থাকবে ৮ লাখেরও বেশি। ঈদে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে সাধারণত উদ্বৃত্ত পশু বিভিন্ন স্থানে যায়। এর মধ্যে রংপুর অন্যতম।
তিনি বলেন, “হাটগুলোয় যাতে অসুস্থ গরু বিক্রি করতে না পারে, সেজন্য বিভাগের বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি হাটে আসা কোনো গরু অসুস্থ হলে মেডিকেল টিম চিকিৎসা দেবে।”
