রংপুরে পুলিশ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদুল ইসলামের ছেলে।
রংপুরে পুলিশ হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ (২৬) হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদুল ইসলামের ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে দুটি মামলা করে। মামলায় ১৮ জন সাক্ষ্য দেন।
আইনজীবী বলেন, মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে আরও দুটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
