২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতরা এসে রাবির তিন কর্মকর্তাকে পুলিশে দিল

প্রক্টর বলেন, “ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।”

বহিরাগতরা এসে রাবির তিন কর্মকর্তাকে পুলিশে দিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

‘আওয়ামীপন্থি’ অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্যাম্পাসের বাইরের একটি সংগঠনের কিছু লোকজন। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাদের মতিহার থানায় হস্তান্তর করেন। 

যদিও মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, “তাদের নামে বোয়ালিয়া থানায় মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাদের থানায় নিয়ে এসেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে।”

গ্রেপ্তার কর্মচারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব রক্ষক দপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার এবং অর্থ ও হিসাব রক্ষক দপ্তরের উপ-পরিচালক আমিনুল হক রাসেল।

‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “তাদের বিরুদ্ধে জুলাই গণঅভুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। গত সপ্তাহে আমরা এ বিষয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।”

মোস্তাফিজুর রহমান রহমান নিজেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দাবি করলেও তিনি বলেন, তার সংগঠন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক নয়। এটি রাজশাহী মহানগর ও জেলা ভিত্তিক সংগঠন। 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনজন শহরেই বসবাস করেন। এ কারণেই আমরা প্রশাসনের কাছে লিখিত দিয়েছিলাম তাদের ব্যাপারে।”

তিনজনকে পুলিশে হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে ছিলেন বলে সংগঠনের সদস্যরা জানান। 

তবে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আমিনুল হক রাসেল বলেন, “কেন মামলা করা হয়েছে জানি না। আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হওয়াটাই আমার দোষ।”

অন্যদিকে আবদুল্লাহ আল মাসুদ বলেন, “ছাত্রজীবনে ছাত্রলীগ করলেও পরবর্তীতে আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। বরং আমি নিজেই ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছি।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি ভালোভাবে জানা ছিল না। যদি জানতাম যে, তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।”