টাঙ্গাইলে বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
বাঁশবাহী মহিষের গাড়ি অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তারা মারা যান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেলিয়ে পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) এবং রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।
ওসি রকিবুল জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই বন্ধু জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারে ঘুরতে যাচ্ছিলেন। পথে বাঁশবাহী একটি মহিষের গাড়ি অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা যান।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, দুই বন্ধুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি রকিবুল।
