Published : 24 May 2026, 01:53 PM
ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১২টার দিকে বেগুনবাড়ি এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী বিজয় বর্মণ ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন।
নিহতের জ্যাঠাতো ভাই সুব্রত বর্মণ বলেন, “শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যায় বিজয়। সেখান থেকে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয় বলে স্থানীয় লোকজন দেখতে পায়। এরপর আর সে বাড়ি ফেরেনি।”
তিনি বলেন, “শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে বিজয়ের সন্ধান মেলেনি। সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানায় তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পরিবারের লোকজন বিজয়ের মরদেহ সনাক্ত করে।”
বিজয় বর্মণ মাদকাসক্ত ছিলেন জানিয়ে ওসি শিবিরুল ইসলাম বলছেন, “গত শুক্রবার মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফেরার পথে তিনি একটি দোকানের সামনে পড়ে যান। পরে দোকানদার তার পরিবারের লোকজনকে খবর দেয় এবং তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
“এরপর তিনি আবার বাড়ি থেকে বের হয়ে পাশের জঙ্গলে চলে যান। পরিবারের লোকজন তাকে খুঁজতে জঙ্গলে গেলেও তাকে আর পাওয়া যায়নি। এরপর থেকে বিজয় নিখোঁজ ছিলেন।”
তিনি বলেন, “নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”