Published : 20 May 2026, 12:40 AM
যশোরের চৌগাছা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে বলে তথ্য দিয়েছেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ।
নিহত ঝন্টু মিয়া উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়ুয়া গাজীপাড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর একই গ্রামের প্রয়াত মতিয়ার রহমানে ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “নিহত ঝন্টু মিয়ার চাচাত বোন মঙ্গলবার সকালে দক্ষিণসাগর গ্রামের শান্তি নামে এক যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এ নিয়ে বিকালে গ্রামে সালিশ বসে। সেখানে শান্তির ঘনিষ্ঠ একই গ্রামের আবু ওবাইদাসহ কয়েকজনের সঙ্গে ঝন্টু ও আশানুরের তর্ক হয়।
“এর জেরে সন্ধ্যায় দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গল্প করা অবস্থায় ঝন্টু ও আশানুরের ওপর হামলা করে ওবাইদাসহ কয়েকজন। এ সময় তাদের ছুরিকাঘাতে ঝন্টু ও আশানুর গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝণ্টুকে মৃত ঘোষণা করেন। আহত আশানুরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, হামলাকারীদের খোঁজে নেমেছে পুলিশ।