২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কভার্ডভ্যান চাপায় অন্তঃসত্ত্বা বোন ও ভাইয়ের মৃত্যু

নিহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা বিউটি আক্তার তার ছোট ভাইকে নিয়ে সোনাইমুড়ী বাজারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া উত্তর সেতু এলাকার মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান।

নিহত মো. ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের প্রয়াত বশির উল্যার সন্তান।    

নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি রুহুল আমিন বলেন, “সকালে অন্তঃসত্ত্বা বিউটি আক্তার তার ছোট ভাই ইয়াছিনকে নিয়ে সোনাইমুড়ী বাজারে চিকিৎসকের কাছে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ির দিকে রওয়ানা হন তারা। পথে বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া উত্তর সেতু এলাকায় একটি  কভার্ডভ্যান পেছন দিক থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। 

এতে গুরুতর আহত ভাই-বোনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।    

ঘটনার পরপরই কভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাহন দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রুহুল আমিন।