Published : 29 Aug 2024, 12:35 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগারে দুষ্কৃতিকারীদের হামলার পরিপ্রেক্ষিতে কারাগার থেকে যাওয়া সব বন্দিকে আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বুধবার ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে কারাগার থেকে পলায়নকারী সব বন্দিকে সংশ্লিষ্ট আদালতে অথবা থানায় অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৫ অগাস্ট বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শেরপুর শহরে আনন্দ মিছিল শুরু হয়। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে জেলা কারাগারে হামলা চালায় দুষ্কৃতিকারীরা।
পরে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে। এসময় কারাগারে থাকা ৫১৮ জন বন্দি পালিয়ে যায় । ধ্বংসস্তুপে পরিণত হয় জেলার কারাগার।
শেরপুর জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, জেলা কারাগারের সংস্কার কাজ এখনও শুরু হয়নি।পালিয়ে যাওয়া বন্দিরা আত্মসমর্পণ করলে তাদেরকে আপাতত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া দৈনিক যেসব আসামি গ্রেপ্তার হচ্ছে তাদেরকে জামালপুর জেলা কারাগারে রাখার সিদ্ধান্ত হয়েছে। শেরপুর জেলা কারাগার সংস্কার করে কার্যক্রম চালু করতে এক মাসের বেশি সময় লেগে যেতে পারে বলেও তিনি জানান।
আগের সংবাদ