২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

এ ঘটনার প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন
নিহত হুমায়ূন কবীর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম।

নিহত হুমায়ূন কবীর (২১) ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক বলেন, পূর্বশত্রুতার জের ধরে হুমায়ূনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন তিনি।  

ওসি দিদারুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে চা-পান খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় তাৎক্ষণিক কয়েকটি বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।