২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই দেলু গ্রেপ্তার

২০২০ সালের ২ সেপ্টেম্বর জয়কৃষ্ণপুর গ্রামে ‘দেলোয়ার বাহিনী’র সদস্যরা এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে; সেই ভিডিও ভাইরাল হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 04:44 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ওরফে দেলুকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মহিউদ্দিন বলেন, শনিবার রাতে তাদের একটি দল ইয়াবার ক্রেতা সেজে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর গ্রামে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

রোববার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক রিয়াজ উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫) একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘দেলোয়ার বাহিনী’ প্রধান হিসেবে পরিচিত। 

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হন।

২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে স্থানীয় দেলোয়ার বাহিনীর সদস্যরা মধ্যবয়সী এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ঘটনার এক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভয়ে আত্মগোপনে থাকা ওই নারীকে ওই দিনই উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওই ঘটনা সারা দেশে ক্ষোভের জন্ম দেয়। নিপীড়কদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণগ্রাফি আইনে বেগমগঞ্জ মডেল থানায় দুটি মামলা করেন ওই নারী। পরে তিনি একই থানায় আরেকটি মামলা করেন, যেখানে ২০১৯ সালের ৫ অক্টোবর এবং ২০২০ সালের ৭ এপ্রিল দুই দফায় তাকে ধর্ষণের অভিযোগ আনা হয় দেলোয়ার হোসেন ওরফে দেলু ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে।

২০২১ সালের ৪ অক্টোবর ধর্ষণ মামলায় রায়ে দেলোয়ার ও কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আর বিবস্ত্র করে নির্যাতনের মামলায় মোট ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে অব্যাহতি দিয়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

একই বছর ১৪ ডিসেম্বর বিবস্ত্র করে নির্যাতনের মামলায় দেলোয়ার হোসেনসহ ১৩ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন: 

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর আটক ১

বিবস্ত্র করে নির্যাতন মামলার রায়: বাদী-আসামি উভয়পক্ষ অখুশি

বিবস্ত্র করে নির্যাতন: আসামিরা আদালতে

বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন: ধর্ষণ মামলায় সেই দেলোয়ারের

বিবস্ত্র করে নির্যাতন: সেই ভিডিও অপসারণের নির্দেশ