ভূমিকম্প: গাজীপুরে হেলে পড়েছে ভবন, মাদ্রাসার দেয়ালে ফাটল
আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরে হেলে পড়েছে ছয়তলা একটি ভবন, ফাটল ধরেছে এক মাদ্রাসার দেয়ালে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে ভবন ও বাড়িঘর কেঁপে উঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, “স্টেশন রোডে একটি ছয় তলা ভবন হেলে আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে। এতে ভবনটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
ভূমিকম্পে গাজীপুর মহানগরের এলাকার ফাতেমা তুজ জোহরা মাদ্রাসার সাত তলায় ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা লুৎফুর রহমান।
ভোগরা এলাকার স্থানীয় বাসিন্দা আলেয়া বেগম বলেন, “সকালে ঘরে রান্না শেষে খেতে বসেছি, হঠাৎ করেই ঝাঁকুনিতে ঘর কেঁপে উঠলে রান্না ঘরের সমস্ত জিনিসপত্র কাঁপতে শুরু করে। পরে দেখতে পাই ঘরের আলমারি এবং শোকেসও কাঁপতে শুরু করে। শোকেস থেকে জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যায়।”
গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার জালাল উদ্দিন হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার রাশেদুল হাসান রানা বলেন, ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কয়েকজন জালাল উদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা নেন।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের উপ-পরিচালক আব্দুল সালাম সরকার বলেন, “এলাকার বিভিন্ন স্থান থেকে ভূমিকম্পে কম বেশি আহত হয়ে ১৫-২০ জনের মত এ হাসপাতালে এসেছেন।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।”
এছাড়া, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়।
কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
