২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

সমাবেশের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বরাবর স্মারকলিপি দেয় দুই দলই।

যুক্তরাষ্ট্রে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাইডেন প্রশাসনের সহায়তা চেয়ে স্মারকলিপি পড়ছেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 01:23 AM

Updated : 01 Nov 2023, 01:33 AM

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। রাজধানী ওয়াশিংটন ডি.সিতে একইদিন সমাবেশ করেছে দুই দলের নেতা-কর্মীরা।

সোমবার দিনব্যাপী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাস্তার দুই পাশে পুলিশের উপস্থিতিতে তারা অবস্থান নেয় এবং পরস্পরবিরোধী স্লোগান দেয়।

সমাবেশের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বরাবর স্মারকলিপি দেয় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনগুলো। এতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী।

স্মারকলিপিতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা। আন্দোলনের নামে তারা নাশকতা করে বাংলাদেশকে আবারও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করার নীল নক্শা অনুযায়ী ২৮ অক্টোবর অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল।” 

অপরদিকে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

এক পর্যায়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো স্মারকলিপি পড়ে শোনান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বাইডেন প্রশাসনের সহায়তা চাওয়া হয় স্মারকলিপিতে।

এ সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মিল্টন ভূইয়া, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, জাকির এইচ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডি.সি. বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।