২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে প্রবাসীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

পুলিশ ধারণা করছে ‘বেকারত্বের হতাশায় ভুগে আত্মহত্যা’ করেছেন তিনি।

রোমে প্রবাসীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সুমন মিয়া (২৫)। 

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 07:37 PM

Updated : 27 Jan 2024, 07:47 PM

ইতালিতে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ‘বেকারত্বের হতাশায় ভুগে আত্মহত্যা’ করেছেন তিনি।

তার নাম সুমন মিয়া (২৫)। বাড়ি কুমিল্লার হোমনায়, বাবার নাম আব্দুল বারিক।

স্থানীয় সময় বুধবার সকালে রোমের তুসকলোনা এগ্রিকোলা পার্কে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশ এসে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তার পরিচয় শনাক্ত করে তদন্ত শুরু করে।

তদন্তে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বেকারত্বসহ মানুষিক চাপে আত্মহত্যা করেছেন সুমন। তিনি সাত মাস আগে কৃষি ভিসায় বাংলাদেশ থেকে ইতালিতে আসেন। আসার পর থেকেই তিনি ইতালিতে বেকার অবস্থায় ছিলেন।

এ বিষয়ে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা আত্মহত্যার সত্যতা পেয়েছে বলে আমাদের আন-অফিসিয়ালি জানিয়েছে। তবে পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আমরা কোন পদক্ষেপ নিতে পারবো না।”

রাষ্ট্রদূত জানান, আমরা পাসপোর্ট থেকে ঠিকানা ও নাম্বার নিয়ে সুমনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। দূতাবাস থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। স্থানীয় প্রশাসনের তদন্ত শেষ হলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো।

এ বিষয়ে স্থানীয় অভিবাসন বিশেষজ্ঞ প্রবাসী টিটু আনিসুজ্জামান বলেন, “এগ্রিকালচার বা স্পন্সর ভিসায় ইতালিতে আসা মানেই সবকিছু সাজানো গোছানো নয়। আসার আগে অবশ্যই সবার ভালো করে জেনেশুনে আসা উচিত।”

তিনি জানান, ইতালিতে যাদের আত্মীয়স্বজন রয়েছে তাদের জন্য ইতালির জীবন কিছুটা সহজ হলেও যাদের কাছের কেউ নেই তাদের জন্য এই দেশটা খুব কঠিন। এগ্রিকালচার ভিসায় ইতালিতে এসে সুমনের মতো আরো অনেক বাংলাদেশি এমন মানবিক জীবনযাপন করছেন। অনেকেরটা প্রকাশ পায়, আর অনেকেরটা পায় না।