২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আ. লীগের এক পক্ষের সভা, ক্ষুব্ধ অপর পক্ষ

সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে ছাড়া এ সভা করায় ৮জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 02:44 PM

Updated : 20 Oct 2023, 02:47 PM

বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তাদের ছাড়াই যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভা করেছে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ৮জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দলটির সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এ সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন ও নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা।

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, নিজাম চৌধুরী, হেলালুল করিম, মহিউদ্দিন দেওয়ান, আশরাফুজ্জামান, কাজী কয়েস, শরিফ কামরুল হীরা, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, মোর্শেদা জামান, জাহাঙ্গীর হোসেন, মমতাজ শাহনাজ ও শারমিন আকতার দীবা।

বক্তারা এম ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। সে অনুযায়ী এই সভার বরাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতির কাছে একটি আবেদন পাঠানোর সিদ্ধান্ত হয়। অনুমোদন পেলেই মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান দায়িত্ব নেবেন বলে জানান তারা। 

এদিকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে ছাড়া এ সভা করায় সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমানসহ ৮জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

এ ব্যাপারে এম ফজলুর রহমান বলেন, “সিংহভাগ সদস্য-কর্মকর্তা যাকে সভাপতি হিসেবে স্বীকারই করি না, তার নোটিশ বা কথায় কি যায় আসবে! আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাঠে রয়েছি, তার নির্দেশ অনুযায়ী মূলধারায় কাজ করছি।”

সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে 'অসাংগঠনিক কর্মকাণ্ড, অনিয়ম ও নীতিহীন আচরণের' অভিযোগ করেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন।

তিনি বলেন, “অনেক আগেই দলীয় নেতা-কর্মীদের আস্থা হারিয়েছেন সিদ্দিকুর রহমান। গত কয়েক বছরে তাকে বহুভাবে বিষয়টি জানানোর পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের অনুরোধ জানালেও আমরা সাড়া পাইনি।”