২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের অন্যতম হত্যাকারী রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে পরিকল্পনা ঘোষণা করা হয়।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 06:09 PM

Updated : 18 Oct 2022, 06:09 PM

১৯৭৫ এর ১৫ অগাস্ট পরিবারের ১৯জন সদস্যের সঙ্গে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

রোববার লস অ্যাঞ্জেলেসে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সহযোগিতায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন তারা।

অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের অন্যতম হত্যাকারী ফেরারি আসামি খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে পরিকল্পনা ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুন নবী জানান, যুক্তরাষ্ট্র থেকে খুনি রাশেদ চোধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের নেতৃত্বে সহ-সভাপতি (বিশেষ প্রকল্প) আবু নাসের রাজীব এবং সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত মার্চে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেন্ডেজের সঙ্গে আলাপকালে রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে তার সহযোগিতা চাওয়া হয় এবং কারণগুলো উল্লেখ করে পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল আলোচক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ ক্যালিফোর্নিয়ায় বসবাসরত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরেন। তাকে দেশে পাঠাতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এবং সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলীর প্রচেষ্টায় পাঁচ হাজারেরও বেশি স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শীঘ্র অনলাইনে ওই আবেদনপত্রে আরও স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মেয়োর্কাসকে পাঠানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম। পরিচালনা করেন জেবা জেবুন্নেসা। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সহ সভাপতি শওকত আলম। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামি, মোফাজ্জেল হোসেন ঢালী ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আবু নাসের রাজীব।