প্রবাস প্রজন্মে বঙ্গবন্ধুর ইতিহাস জানানোর সংকল্পে ফোবানা সম্মেলন শুরু
প্রসঙ্গত ফোবানার মূলমঞ্চ সাজানো হয়েছে ‘পদ্মা সেতু’র ছবি দিয়ে। উদ্বোধনী পর্বে প্রার্থনা সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের মুনজাবিন হাই।
প্রবাস প্রজন্মে বঙ্গবন্ধুর বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার সংকল্পে 'ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার’ (ফোবানা)- এর সম্মেলন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ‘আমরা করবো জয়’ স্লোগানে তিনদিনের ৩৬তম ফোবানা কনভেনশন শুরু হয়।
তিনদিনের ৩৬তম ফোবানা কনভেনশনে উৎসর্গ করা হয়েছে জাতিরজনকের স্মৃতির প্রতি এবং এ উপলক্ষে কনভেনশেন সেন্টারে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্ণার’।
ফোবানার ৩৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কনভেনশনকে বাঙালি জাতির পিতার স্মরণে উদ্বোধনী অনুষ্ঠান হলো।
ঢাকা থেকে ভার্চুয়ালে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান । তারপরই বিশেষ সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন।
মার্কিন মূলধারা এবং প্রবাস প্রজন্মকে বঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস তথা বাংলাদেশের এগিয়ে চলার সাথে পরিচিত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য দুই মন্ত্রী ফোবানা কনভেনশনের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান। দুইমন্ত্রী ফোবানায় এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন ফোবানার শুরুর দিকে ঘনিষ্ঠভাবে জড়িত থাকার স্মৃতিচারণ করে বলেন, “সেই সময়েই মার্কিন রাজনীতিক ও নীতি- নির্ধাকদের এনেছিলাম। নানাবিধ কারণে বিবাদ-বিভক্তি ঘটলেও ফোবানার এবারের সম্মেলনকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে একাকার করার সংবাদে আমরা সকলেই অভিভূত।”
বঙ্গবন্ধু কর্নারের সার্বিক সমন্বয়ে থাকা ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এই সংবাদদাতাকে বলেন, “এটি ছিল আমাদের চ্যালেঞ্জ। বিশেষ একটি মহল তা করতে বাধা দেয়ায় আমরা ফোবানার নির্বাহী কমিটি থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করতে বাধ্য হই। বহিষ্কৃতরাই শিকাগোতে ফোবানার নামে নাটক মঞ্চস্থ করছে।”
যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের জাতীয় পতাকা পরিবেশনের পর একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান এবং ভাস্বর বন্দোপাধ্যায়, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, টেক্সাসের ডেমক্র্যাট রহিম র্যা নিহাল, ফোবানার সাবেক চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী, ফোবানার বর্তমান চেয়ারপার্সন আতিকুর রহমান, নির্বাহী সচিব রফিক খান, অভিনেত্রী তারিন সম্মিলিতভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৭২ ঘণ্টার কর্মসূচির শুভ সূচনা ঘটান।
প্রসঙ্গত ফোবানার মূলমঞ্চ সাজানো হয়েছে ‘পদ্মা সেতু’র ছবি দিয়ে। উদ্বোধনী পর্বে প্রার্থনা সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের মুনজাবিন হাই। এরপর হোস্ট সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন্স অব গ্রেটার লসএঞ্জেলেস’র শিশু শিল্পীরা দেশের গান ও নাচ পরিবেশন করে। ফ্লোরিডা থেকে আসার তরুণ-তরুণীরাও উপস্থিত সকলকে আপ্লুত করেছে।
সুবর্নার সাবলিল উপস্থাপনায় এর আগে মূল অডিটরিয়ামের পাশে দুইশ-রও বেশি অতিথির সমন্বয়ে ফোবানার ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। সে সময় হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন, কনভেনর আবুল ইব্রাহিম, সদস্য সচিব সৈয়দ এম হোসেন এবং প্রধান সমন্বয়কারি কাজী মশহুরুল হুদা শুভেচ্ছা বক্তব্য দেন।
তারা উল্লেখ করেন, এই সম্মেলন হচ্ছে মাত্র দুইমাসের প্রস্তুতিতে। তারপরও প্রবাসীরা অকুণ্ঠ সমর্থন দেওয়ায় সবকিছু গুছিয়ে নেয়া সম্ভব হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের কয়েক ডজন সংগঠনের লোকজন পারফর্ম করবেন। বাংলাদেশ এবং উত্তর আমেরিকার বেশ ক’জন জনপ্রিয় শিল্পীও এসেছেন নাচ ও গান পরিবেশনের জন্যে।
এদিকে, ফোবানার অপর অংশের কনভেনশন একইদিন শুরু হয়েছে ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে। সেখানে অতিথির মধ্যে রয়েছেন- জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ এবং নিউ ইয়র্ক বইমেলার সাবেক কনভেনর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক ভূইয়া।
ফোবানার ওই অংশের চেয়ারপার্সন রেহান রেজা অনুষ্ঠান সিজেবিটি উদ্বোধন করেন। সেই সময় নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরীসহ ফোবানার একাংশের নেতারা ছিলেন। তারাও উল্লেখ করেছেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে, সেই এগিয়ে চলাকে ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৩৫ বছর আগে যে চেতনায় ফোবানার যাত্রা শুরু হয়েছে তাকে সমুন্নত রাখতে প্রতিটি সংগঠনটিই সংকল্পবদ্ধ।
প্রসঙ্গ, ফোবানার ব্যানারে কানাডার মন্ট্রিয়লে আরেকটি কনভেনশন ৩ সেপ্টেম্বর শুরু হবার কথা। অর্থাৎ উত্তর আমেরিকায় প্রবাসীদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ফোবানা এখন তিন খন্ডে বিভক্ত। মূলধারায় রয়েছেন আতিকুর রহমান ও ড. রফিক খানের নেতৃত্বাধীন অংশ।
