২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো দিনের গানে নিউ ইয়র্ক মাতালেন সাবিনা ইয়াসমিন

গানের শেষে সাবিনাকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 01:09 PM

Updated : 17 Jul 2023, 01:40 PM

দেশের গান দিয়ে শুরু করে পরে বাংলা সিনেমার একের পর এক গান গেয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী দর্শকদের সুরেলা এক সন্ধ্যা উপহার দিলেন সংগীত শিল্পী সাবিনা ইয়াসমীন।

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস অ্যাকাডেমিতে শনিবার সন্ধ্যায় গানে আসর মাতিয়েছেন এই শিল্পী। সাবিনার একক সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল ‘পিজি গ্রপ’।

সাবিনা মঞ্চে আসার আগে ‘পিজি গ্রুপের’ চেয়ারম্যান শুভ্রা দত্ত এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

মঞ্চে উঠে গান শুরুর আগে সাবিনা দেশবরেণ্য প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। গীতিকার-সুরকারদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করেন।

প্রয়াত গীতিকার-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরের ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে গান শুরু করেন সাবিনা। 

এরপর ‘আমি রজনীগন্ধা ফুলের মত’, ‘বুকের ভেতরে রাখিব তোমারে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো’, ‘কী করে বলিগো আমি’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, ‘প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে’, ‘তুমি চোখের আড়াল হও-কাছে কিংবা দূরে রও’সহ দুই ডজন গান করেন এই শিল্পী।

সাবিনার গানের সঙ্গে কিবোর্ড বাজিয়েছেন পার্থ গুপ্ত, তবলায় ছিলেন দেবু চৌধুরী, বেজ গিটার ধরেছিলেন মাহফুজ, গিটার বাজিয়েছেন জোহান আর অক্টাপ্যাড বাজিয়েছেন রাকেশ ব্যানার্জি ।

গানের শেষে প্রবাসীদের পক্ষ থেকে এই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘পিজি গ্রুপের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পার্থ গুপ্ত। এ সময় দর্শকরা দাঁড়িয়ে সাবিনা ইয়াসমীনকে শ্রদ্ধা জানান ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা।